আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেছেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান। নিজ জেলার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন এবং বিভিন্ন আশার বাণী শোনাচ্ছেন তিনি।
মঙ্গলবার (২ জানুয়ারি) ফরিদপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী জনসভায়ও যোগ দিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
এদিন দুপুর দেড়টার দিকে পৌরশহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় সাকিব পৌঁছালে তাকে ঘিরে ধরেন ভক্তরা। এ সময় তাকে (সাকিব) দেখে সেলফি তোলার জন্য ভিড় জমান ভক্তরা।
সমাবেশে সাকিব বলেন, দেশে ক্রিকেটসহ যেসব উন্নয়ন হয়েছে, তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে কারণেই হয়েছে। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ফরিদপুরের চারটি সংসদীয় আসনে আপনারা নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
জনসভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুর জেলার সব আসনের আওয়ামী লীগের প্রার্থীরা এবং দলের কেন্দ্রীয় নেতারা।
