আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। শেষ মুহুর্তে বিরামহীনভাবে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শেষ মুহুর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকে ভোটারদের মন জয়ের চেষ্টা।
ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণাবড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস এ কে একরামুজ্জামান। চলছে সমাবেশ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ। এ আসনে নৌকার প্রার্থী বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন।
ঝালকাঠি শহরের ফরিদপুরপট্টি এলাকায় উঠান বৈঠক করেন ঝালকাঠি-২ আসনে নৌকার প্রার্থী আমির হোসেন আমু। ঝালকাঠি-১ আসনে নৌকার আলোচিত প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর, রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। পরে কেওতা মাদ্রাস মাঠে জনসভায় বক্তব্য রাখেন তিনি। প্রচারণা চালান এ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যরিস্টার আবুল কাশেম ফখরুল ইসলামও।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জাতীয় পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করায় নির্বাচনে কোন প্রভাব পড়বে না। কালিয়াকৈর বাস টার্মিনালে এক জনসভায় তিনি একথা বলেন।
মাগুরা-১ আসনে নৌকার প্রার্থী সাকিব আল হাসানের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন নড়াইল-২ এর আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। শহরের চৌরঙ্গী মোড় থেকে ভায়না মোড় পর্যন্ত বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন তিনি। সাথে ছিলেন ক্রিকেটার সৌম্য সরকার, সাব্বির ও রনি তালুকদার।
সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম।
বিএনএম এর প্রার্থী শরীফ বাদশা’র সমর্থনে নির্বাচনী সভা হয়েছে কক্সবাজারের মাতারবাড়িতে। সমাবেশে উত্তর মহেশখালী থানা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন কক্সবাজার-২ মহেশখালী-কুতুবদিয়ার আসনের প্রার্থী শরীফ বাদশা।
প্রচারণায় ব্যস্ত কিশোরগঞ্জ শহরে নৌকার প্রার্থী ডা: জাকিয়া নূর লিপি। রাষ্ট্রপতি আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ তুহিনের নেতৃত্বে শহরের খরমপট্টি এলাকা থেকে জাকিয়া নূর লিপির সমর্থনে মিছিল বের হয়।
হবিগঞ্জ ৩ আসনের জাতীয় পাটির প্রার্থী আব্দুল মুমিন চৌধুরী বুলবুলের সমর্থনে প্রচার মিছিল হয়েছে।
