ভোটকেন্দ্রে আগুন, আটক ৩

লেখক:
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২৪, ৬:১৫

আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লা গতকাল রাতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং কুমিল্লা সদর উপজেলার পাচতুবী ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৬ জানুয়ারি) দুপুরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল শুক্রবার রাতে কুমিল্লা নগরীর টমসমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিস্ফোরণ ঘটাতে গিয়ে মোটরসাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক।

এদিকে শনিবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাচথুবি ইউনিয়নের চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানায়, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের সাবেক প্রেসিডেন্ট নোমানের নির্দেশনায় তারা শহরজুড়ে ককটেল বিস্ফোরণ এবং ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।

ককটেল বিস্ফোরণ ও ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।