আজকালের কন্ঠ ডেস্ক : সারা দেশে শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার সকাল ৮টা থেকে দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন।
ইসির কন্ট্রোল রুম থেকে জানানো হয়, সারা দেশে ৩৭টি অনিয়ম ও গোলযোগের ঘটনার সংবাদ পাওয়া গেছে। জাল ভোটের অভিযোগে আটক করা হয়েছে ছয়জনকে। অনিয়মের কারণে বরগুনায় একজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভোটের সার্বিক পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশি পর্যবেক্ষকরা। তবে ভোটার উপস্থিতি খুবই কম বলে মনে করেছেন তারা।
সংসদ নির্বাচনে আজ ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এক স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে পরে ভোট নেওয়া হবে। এবার ভোট নেওয়া হয়েছে ব্যালট পেপারে।
