বিষখালি নদী থেকে হরিণ উদ্ধার

লেখক:
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪, ১:১১

বামনা(বরগুনা) প্রতিনিধিঃবরগুনার পাথরঘাটার বিষখালী নদীতে ভাসমান অবস্থায় একটি আহত হরিণ উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড।

গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যার সময় পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা বন সংলগ্ন বিষখালী নদী থেকে হরিণটিকে কোস্টগার্ড উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। হরিণটিকে চিকিৎসার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে আসা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপ-সহকারী কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, হরিনের পিছনের বাম পায়ে অনেক আঘাত রয়েছে। হয়তো কোন প্রানি আঘাত করেছে। আমরা চিকিৎসা দিচ্ছি।

বন বিভাগের কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া হরিণটির শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হয়ে বাঁচার জন্য নদীতে ঝাঁপ দিয়েছে হরিণটি। হরিণটি পাঁচ ফুট লম্বা এবং ওজন প্রায় দুই মণ হতে পারে।

তিনি আরো বলেন, হরিণটি চিকিৎসা শেষে সম্পূর্ণ সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।