লোহাগড়ায় নৃশংসভাবে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

লেখক:
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ৩:০১

নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-মাউলি গ্রামের ওলিয়ার রহমান মোল্যা নামে এক বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় ওলিয়ার রহমান মোল্যা (৭০) নামে এক বৃদ্ধকে প্রতিপক্ষের লোকেরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। নিহত ওলিয়ার রহমান মোল্যা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর-মাওলি গ্রামের মৃতঃ রাজ্জাক মোল্যার ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮ টার দিকে ওলিয়ার মোল্যা তার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্য বিলের দিকে রওনা হন। এ সময় বাড়ির পাশে পূর্ব থেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের ২০/২২ জনের একদল দূর্বৃত্ত ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ সময় নিহতের স্ত্রী আসমা বেগমসহ স্বজনরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।

লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সেের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই বৃদ্ধের মৃত্যু হয়।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনা জানার পরে দ্রুত পুলিশ ওই এলাকায় যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের টিম কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।মামলা প্রক্রিয়াধীন।