আলীকদমে সেনাজোনের উদ্যোগে শীতবস্ত্র ও আর্থিক সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ৪:০৬

মোঃ জয়নাল আবেদীন, বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলায় আর্থিক অনুদান ও গরীব, দুস্থ অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসাবে (কম্বল) বিতরণ করেছে আলীকদম সেনা জোন। আজ ১৫ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টার সময় সেনা জোনের ব্রিগেড ক্যান্টিন চত্বরে আলীকদম ৩১বীর সেনাজোন কমান্ডার লে.কর্নেল শওকাতুল মোনায়েম পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই আর্থিক সহায়তা ও শীতবস্ত্র বিতরণ করেন।

আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এবার ২,৬৪,৩৫২ টাকার নগদ অর্থ প্রদান ও জোন সদরে ২৫০টি এবং ক্যাম্প এলাকায় ১৫০টি (সর্বমোট ৪০০) অসহায়, দুস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতকম্বল বিতরণের পাশাপাশি দরিদ্র এক শিক্ষার্থীকে লেখা-পড়ার জন্য টেবিল ও চেয়ার প্রদান করা হয়।

শীতবস্ত্র ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে আলীকদম সেনা জোন কমান্ডার লে.কর্নেল মো. শওকাতুল মোনায়েম পিএসসি বলেন, এই পার্বত্যাঞ্চলের শান্তি- শৃঙ্খলা রক্ষাসহ এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের সহযোগী হিসেবে আলীকদম সেনা জোন সর্বদায় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে।

প্রধান অতিথি আরো তিনি বলেন, সেনা জোনের আওতাধীন দুর্গম পাহাড়ি এলাকার সকল ক্যাম্প গুলোতেও বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে এবং এলাকাগুলোতে অসহায় মানুষদের জন্য নগদ আর্থিক অনুদান, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান তিনি।