আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে রবিবার শুরু হচ্ছে ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ মুহূর্তে স্টল ও প্যাভিলিয়ন প্রস্তুতে কাজ করছেন শ্রমিক ও কারিগররা। এবার বাণিজ্য মেলায় ভোক্তাদের প্রতারিত না হবার আশ্বাস দিয়েছেন, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। জানান, পোশাক খাতের মতো একই সুযোগ-সুবিধা চামড়া ও পাট শিল্পে দেবে সরকার, সেটিও প্রতিফলন দেখা যাবে বাণিজ্য মেলায়।
রবিবার ক্রেতা-দর্শনার্থীতে মুখরিত হয়ে উঠবে বাণিজ্য মেলার প্রাঙ্গণ। তাই শেষ সময়ে কাঠ ও রং তুলির আচরে স্টল-প্যাভিলিয়নগুলো প্রস্তুতের চেষ্টা চলছে ।
শ্রমিকরা বলছেন, মেলার আগে প্রতিটি সময় গুরুত্বপূর্ণ, তাই কনকনে শীত উপেক্ষা করে অনেকটা নির্ঘুম রাত কাটিয়ে কাজ করতে হচ্ছে তাদের।
পূর্বাচলে বাণিজ্যমেলা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয়। এ সময় বাণিজ্য প্রতিমন্ত্রী জানান, রফতানিতে পোশাক খাতের ওপর নির্ভরশীলতা কমাতে চাইছে সরকার।
নামে আন্তর্জাতিক বাণিজ্য মেলা, কিন্তু মেলায় নিম্ন মানের দেশিয় পণ্যের আধিক্য কেনো সেটিও ব্যাখ্যা দেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানান, জাতীয় নির্বাচনের কারণেই পহেলা জানুয়ারি শুরু হয়নি মেলা।
এবারের মেলায় তুরস্ক, ইরান, ভারত, পাকিস্তানসহ ১৬ থেকে ১৮টি বিদেশি প্যাভিলিয়ন থাকবে জানানো হয় সংবাদ সম্মেলনে।
