আন্তর্জাতিক ডেস্ক : কানাডায় একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির ফোর্ট স্মিথে দুর্ঘটনাটি ঘটে। সুদূর উত্তরে একটি খনিতে শ্রমিক নিয়ে যাওয়ার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয় ছোট বিমানটি।
বুধবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। একটি সূত্রের বরাতে এ প্রতিবেদনে বলা হয়েছে যে, দুর্ঘটনায় একজন ব্যক্তি বেঁচে গেছেন। তবে জীবিত সেই ব্যক্তির শারীরিক অবস্থা ঠিক কেমন তা জানানো হয়নি।
অন্টারিওর ট্রেন্টনের জয়েন্ট রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টার জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ফোর্ট স্মিথ থেকে উড্ডয়নের পরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, ফোর্ট স্মিথ অঞ্চলটি আঞ্চলিক রাজধানী ইয়েলোনাইফ থেকে ৩২০ কিলোমিটার (২০০ মাইল) দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
