আজকালের কন্ঠ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়েরকৃত মামলায় আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির নাম আলী নুর (২৩)। তিনি সিলেট জালালাবাদ থানার লামাকাজি (মির্জাগাঁও) গ্রামের আক্কাস আলীর ছেলে।
বুধবার (২৪ জানুয়ারি) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এরআগে মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে ওই আসামিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে।
থানা পুলিশ জানায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামের ব্যবসায়ী আবু সুফিয়ান তালকুদার গত ২০ ডিসেম্বর বিকেল তিনটার দিকে পৌরশহরের জগন্নাথপুর বাজারের সোনালি ব্যাংক থেকে দুই লাখ ৩৮ হাজার টাকা উত্তোলন করেন। ওই টাকা তুলে তিনি একটি অটোরিকশা করে পৌরশহরের ইকড়ছই স্লুইসগেইট এলাকায় যাওয়ার সময় অটোরিকশায় যাত্রী সেজে থাকা অপর চার ছিনতাইকারী ব্যবসায়ীকে চাকু দেখিয়ে জোরপূর্বক ৩৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গাড়ী থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়ক দিয়ে দ্রুত অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) অলক দাস বলেন, ছিতাইয়ের ঘটনায় এরমধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে সুনামগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
