মা ও শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা

লেখক:
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৪, ১:০০

আজকালের কন্ঠ ডেস্ক : পাবনার চাটমোহরে মা ও তার শিশু ছেলে সন্তানকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘুলিয়া গ্রামে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এর আগে বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে তাদের হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

নিহতরা হলেন লাবনী খাতুন (৩৫) ও রিয়াদ হোসেন (৮) দিঘুলিয়া গ্রামের আব্দুর রশিদের স্ত্রী-সন্তান। রশিদ দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে ফৈলজানা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, সকালে মরদেহ পরে থাকতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। এমনি কারো সঙ্গে শত্রুতা ছিল না তাদের। কে বা কারা তাদের এভাবে হত্যা করা হয়েছে সেটা প্রশাসন ভালো বলতে পারবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সেলিম রেজা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।