দুই ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ

লেখক:
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৪, ৭:৩০

আজকালের কন্ঠ ডেস্ক : হবিগঞ্জের চুনারুঘাটে দুই ছাত্র ১২ দিন ধরে নিখোঁজ রয়েছে। দুশ্চিন্তায় ছাত্রদের পিতা মাতা বারবার মূর্ছা যাচ্ছেন। এ ঘটনায় চুনারুঘাটে আতংকের সৃষ্টি হয়েছে।

নিখোঁজ তারা দুইজন ছাত্র হল, উপজেলার মিরাশী ইউনিয়নের সোনাতুলা গ্রামের নুহ মিয়ার ছেলে বাহুবল হামিদ নগর কওমি মাদ্রাসার ৮ম শ্রেণির শিক্ষার্থী সালমান আহমেদ (১৫) ও একই এলাকার দুবাই প্রবাসী সোহেল মিয়ার ছেলে নয়ন মিয়া (৭)।

নয়ন স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পাওয়ায় গত ১৭ জানুয়ারি নয়নের মা ও সালমানের মা ২০ জানুয়ারি চুনারুঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এর আগে গত ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় ওই দুই শিক্ষার্থী। এদিকে দুই ছাত্র নিখোঁজ থাকায় তাদের পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, তাদের দু’জনকে খোঁজে বের করার চেষ্টা চলছে। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) নেয়া হয়েছে। তাদের খোঁজে দেশের বিভিন্ন থানায় বার্তা দেওয়া হয়েছে এবং পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।