জাল সনদ মামলায় শিক্ষিকা কারাগারে

লেখক:
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৬:২৮

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কম্পিউটার শিক্ষার সনদ জালিয়াতির মামলায় রাবেয়া খাতুন (৫৬) নামের এক সহকারী শিক্ষিকাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সহকারী আল-আমিন এ বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, দুদকের দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাবেয়া খাতুন ১৯৯৫ সাল থেকে উল্লাপাড়া উপজেলার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছিলেন।

বিদ্যালয় সূত্র জানাযায়, ২০১৮ সালের ১৭ মার্চ ওই বিদ্যালয় পরিদর্শন ও নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে শিক্ষা মন্ত্রণালয়। তাতে রাবেয়া খাতুনের শিক্ষা ও কম্পিউটার সনদ জাল বলে সন্দেহ করে অডিট কর্তৃপক্ষ। পরে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের এক পত্রের আলোকে বগুড়া জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি নেকটারের পরিচালকের কার্যালয়ে রাবেয়া খাতুন রুবির কম্পিউটার বিষয়ের সনদটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠায় শিক্ষা অধিদপ্তর।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, দুদকের মামলায় ওই শিক্ষিকার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছিল। রোববার রাতে গ্রেফতারের পর সোমবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।