হত্যা ও মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

লেখক:
প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৪, ৭:২৩

আজকালের কন্ঠ ডেস্ক : জয়পুরহাটে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অন্যদিকে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর এলাকার জাইবর আলীর ছেলে সোহাগ, মৃত তৈমুদ্দিনের ছেলে রায়হান, নিজাম উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম ও লোকমানের ছেলে হারুনুর রশীদ। এ ছাড়া মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত সুজন সরদার একই উপজেলার গোপালপুর গ্রামের সোলাইমান সরদারের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাটের খনজনপুর এলাকার বাদল প্রামাণিকের ছেলে সাহাদুল ইসলাম শহরের স্টেশন রোড এলাকায় কম্পিউটারের দোকান করতেন। সে দোকানে ব্যবসায়িক লেনদেনের কারণে আসামিদের কাছে তার ৬০ হাজার টাকা পাওনা হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। এরই জেরে ২০১০ সালের ৬ জানুয়ারি সাহাদুল রতনপুর এলাকার এক বন্ধুর বাড়ি থেকে বেড়িয়ে জয়পুরহাটে আসার পথে বাগুয়ান এলাকায় আসামিরা লাঠি ও গাছের ডাল দিয়ে সাহাদুলের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে একই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।