আজকালের কন্ঠ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের ছাদ ধসে পরার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অন্তত ৯ জন নির্মাণ শ্রমিক আহতের খবর পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ছাদ ধসের ঘটনায় ৯ জন আহতের খবর জেনেছি। এর মাঝে চারজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন, তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরেছে আর বাকি দুজন অপেক্ষাকৃত কম আহত হয়েছে।
দুর্ঘটনা কেন হতে পারে এ বিষয়ে জানতে চাইলে প্রক্টর বলেন, এটা আসলে কেন হয়েছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
এ দিকে ঘটনাস্থলে উদ্ধারকাজ চলমান রয়েছে, নির্মাণ শ্রমিকদের অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের দুয়েকজনকে পাচ্ছেন না তারা। এখন তারা নিচে চাপা পড়েছেন কিনা সেটিও নিশ্চিত নন বলে জানিয়েছেন তারা।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান আবাসিক হলের ১০ তলা ভবনের পাশে লাগোয়া আরেকটি অংশে একতলা ভবনের ছাদে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। এ সময় হঠাৎ ওই ভবনের আরেকটি অংশে একতলার ছাদ ধসে পড়ে। এতে এখন পর্যন্ত আমরা তিনজন আহতকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছি।
