বাবা-মা ও মেয়েকে গলা কেটে হত্যা

লেখক:
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৪, ১:০২

আজকালের কন্ঠ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকায় এক দম্পতি ও তাদের মেয়েকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলাটি করেন।

নিহতরা হলেন- ওই এলাকার কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান তাড়াশ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মামলার বাদী সুকমলের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। মামলার এজাহারে পূর্বশত্রুতার জেরে বোন জামাই, বোন ও ভাগনিকে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন। তবে রাত ৯টা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান।

প্রসঙ্গত, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লায় তিনতলা নিজ বাসায় থাকতেন ব্যবসায়ী বিকাশ সরকার, তার স্ত্রী স্বর্ণা সরকার ও তাদের দশম শ্রেণি পড়ুয়া মেয়ে পারমিতা সরকার তুষি। গেল শনিবার সন্ধ্যা থেকে তাদের বারবার কল দিলেও ফোন না ধরায় দুশ্চিন্তায় পড়েন স্বজনেরা। পরে স্থানীয় প্রতিবেশীদের মাধ্যমে খোঁজ নিলে জানতে পারেন বাসা তালাবদ্ধ।