ঝুঁকি নিয়ে ফিরছেন মুসল্লিরা

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১:৫০

আজকালের কন্ঠ ডেস্ক : দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি আর কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা মুহাম্মদ জুবায়ের আহমেদ। মোনাজাতে অংশ নিতে সকাল থেকে টঙ্গীর তুরাগতীর ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। এদিকে, বার্ধক্যজনিত কারণে এ পর্যন্ত ১৩ মুসল্লীর মৃত্যু হয়েছে।

লাখো মুসুল্লির কণ্ঠে আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখর টঙ্গীর তুরাগ তীর ও তার আশপাশের এলাকা।

কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা, আত্মশুদ্ধি, রহমত এবং আল্লাহর সন্তুষ্টির আশায় আকুতি জানান ধর্মপ্রাণ মুসল্লিরা। শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তি কামনা করা হয়।

ভোর থেকে প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে গাজীপুর এবং রাজধানী ও আশপাশ এলাকার লাখ লাখ মুলল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা স্থলে পৌঁছান। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটেই যান ময়দানে। সকাল থেকেই তুরাগ তীর ছাপিয়ে জনস্রোত মিশে যায় আশপাশের সড়ক-মহাসড়কে। বিপুল সংখ্যক নারীও অংশ নেন মোনাজাতে।

এর আগে, ফজরের নামাজ পরে পবিত্র কোরআন-হাদিসের আলোকে চলে হেদায়েতি বয়ান। গেলো তিনদিন সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন ভাষায় বয়ান দেন। চলে জিকির-আসকার ও ইবাদত-বন্দেগি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে ইজতেমা ময়দানে মারা যান আরও চার মুস‌ল্লি। এ নিয়ে ইজতেমায় ১৩ জনের মৃত্যু হলো। মারা যাওয়া চার মুসল্লি হলেন- রাজবাড়ী জেলার মো. সানোয়ার, চট্টগ্রামের মো. আলম, নরসিংদী জেলার মো. শাহনেওয়াজ ও সিরাজগঞ্জ জেলার আল মাহমুদ।