ভারতে পালানোর সময় ডাবল হত্যা মামলায় চিকিৎসক গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৩০

আজকালের কন্ঠ ডেস্ক : বরগুনার বামনার আলোচিত ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মুত্যুর ঘটনায় ডাবল হত্যা মামলার প্রধান আসামি চিকিৎসক সবুজ কুমার দাসকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খালা বাহিনী। ভারতে পালানোর সময় সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

গতকাল শনিবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিকিৎসক সবুজ কুমার দাসকে বরগুনায় নিয়ে আসা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তন্দুল সীমান্ত এলাকা থেকে র‌্যাবের সহযোগিতায় ডিবি পুলিশ গ্রেফতার করে এই আসামিকে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা ডিবি পুলিশের ওসি বশির আলম জানান, বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলার সুন্দরবন ক্লিনিক এন্ড হাসপাতালে গত ১৫ নভেম্বর আলোচিত সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসায় গৃহবধূ মোসাঃ মেঘলা ও নবজাতকের মৃত্যু হয়। এরপর থেকে অভিযুক্ত চিকিৎসক সবুজসহ অন্যরা আত্মগোপনে চলে যায়।

মৃত্যুর একদিন পর গৃহবধূ মেঘলার বাবা ছগির হাওলাদার বামনা থানায় ৮ জনের বিরুদ্ধে ডাবল হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে ডিবি পুলিশ এই মামলার তদন্তভার গ্রহণ করে।