চাঁদার দাবিতে ঠিকাদারকে কুপিয়ে হত্যার চেষ্টা

লেখক:
প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:০৫

আজকালের কন্ঠ ডেস্ক : সাতক্ষীরার শ্যামনগরে চাঁদার দাবিতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদার নাজমুল হাসানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দূর্বৃত্তরা।

গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে আবুল হোসেনের বাড়ীর সংলগ্ন পাউবো বেড়িবাঁধের উপরে মুখোশপরা দুর্বৃত্তরা এঘটনা ঘটায়।

গুরুতর আহত ঠিকাদার নাজমুল হাসান (৩২) খুলনা জেলা সদরে টুথপাড়া গ্রামে জাহাঙ্গীর হোসেনের পুত্র।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে নিজ ঠিকাদারী কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার সময় পথিমধ্যে দুর্বৃত্তরা ব্যারিকেট দিয়ে নাজমুল হাসানের গতিরোধ করে তার কাছে চাঁদা দাবি করে। এ সময় তিনি চাঁদা দিতে অস্বীকার করায় মুখোশপরা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছ।