নড়াইল প্রতিনিধিঃনড়াইলের লোহাগড়া উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে মো.লিটু খান (৬০) নামে এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজলার কাশিপুর ইউনিয়নের ধুপাদাহ গ্রামের কমিউনিটি ক্লিনিক সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোঃ লিটু খান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের শাহবাজপুর গ্রামের মৃতঃ ছুরা খানের ছেলে।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লিটু খান ধোপাদাহ কমিউনিটি ক্লিনিকের পাশে কাঁঠাল গাছের ডাল কাটতে যান। পরে গাছে উঠে ডাল কাটা শেষে গাছ থেকে নেমে আসার সময় পা পিছলে তিনি পাশের পাকা রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এ সময় স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত লিটু খানকে মৃতঃ ঘোষণা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
