সেন্টমার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকালের জন্য

লেখক:
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১১

আজকালের কন্ঠ ডেস্ক : মিয়ানমার সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে কক্সবাজার ও টেকনাফ থেকে সেন্টমার্টিনে ভ্রমণ করা যাবে না।

গত বুধবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।

তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ১০ ফেব্রুয়ারি থেকে টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টেকনাফ থেকে সেন্টমার্টিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে বিকল্প রুট হিসেবে চট্টগ্রাম ও কক্সবাজার নুনিয়াছড়া থেকে জাহাজ চলাচলের পরিকল্পনা করা হচ্ছে।

সম্প্রতি মিয়ানমারের সামরিক জান্তার সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষে বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে। দিনভর সংঘর্ষ আর ওপার থেকে ভেসে আসা তীব্র গোলা–বারুদের শব্দে আতঙ্ক কাটছে না মিয়ানমার সীমান্তে থাকা বাংলাদেশি জনপদগুলোতে। আরাকান আর্মির সঙ্গে চলমান সংঘাতে টিকতে না পেরে এ পর্যন্ত ৩২৮ জন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

বুধবার সকালে বান্দরবানের তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ জামান সিদ্দিকী সেন্টমার্টিন রুটে ভ্রমণ বন্ধ রাখার পরামর্শ দেন।