ছুরিকাঘাতে যুবক নিহত

লেখক:
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০

আজকালের কন্ঠ ডেস্ক : রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল (১৮) নামে এক যুবক মারা গেছেন। এ ঘটনায় আমির হোসেন নামে একজনসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

গতকাল বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন।

জামাল ওয়েল্ডিংয়ের কাজ করতেন। পরিবারের সঙ্গে থাকতেন যাত্রাবাড়ীর কাজলা শেখদি এলাকায়।

গুরুতর আহত আমিরকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মানিক ও জাহিদ হাসান জানান, তারা দুই গ্রুপের সবাই একই এলাকায় থাকেন। গত পরশু তাদের মধ্যে সিনিয়র-জুনিয়র নিয়ে কথা-কাটাকাটির ঘটনা ঘটে। পরে তারা নিজেরাই সেদিন ওই ঘটনার মীমাংসা করে ফেলেন। সেই ঘটনার জের ধরে আজ রাতে দুই গ্রুপের আবার মারামারি হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে এ হতাহতের ঘটনা ঘটেছে। আহতদের হাসপাতালে নিয়ে আসা দুই গ্রুপের চারজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।