ফেনীতে ২৩ যুবক ভারতের ত্রিপুরার মনু বাজার থানায় হস্তান্তর

লেখক:
প্রকাশ: ৮ ফেব্রুয়ারি ২০২৪, ১:২২

আজকালের কন্ঠ ডেস্ক : বিএসএফ’র হাতে আটককৃত ফেনীর ২৩ যুবককে চোরাকারবারী হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্যের মনু বাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বুধবার (০৭ ফেব্রুয়ারি ) অফিসিয়ালি বিজিবিকে বিষয়টি অবগত করেছে বিএসএফ।রাতের দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনীস্থ-৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা।

তিনি জানান, বিএসএফ জানিয়েছে মঙ্গলবার আটককৃত ২৩ বাংলাদেশিকে স্থানীয় মনু বাজার থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রয়োজনীয় মেডিকেল চেকআপসহ যথাযথ আইনি প্রক্রিয়া শেষে পরবর্তীতে ভারতের ত্রিপুরার আদালতে সোপর্দ করা হয়েছে ।

লে.কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা আরও জানান, এই ব্যাপারে গত দুই দিনে একাধিকবার বিজিবি-বিএসএফ সীমান্ত বৈঠক হয়েছে।যথাযথ আইনি প্রক্রিয়া শেষ করে আটককৃতরা যখন ছাড়া পাবেন, তখন তাদের বিষয়ে বিজিবি পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রসঙ্গত,এর আগে সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯৯ নং পিলার সংলগ্ন ফেনীর পূর্ব ছাগলনাইয়া এলাকা থেকে ২৩ বাংলাদেশিকে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

তারা হলেন- ছাগলনাইয়া উপজেলার পূর্ব ছাগলনাইয়া গ্রামের সাইমুম হোসেন (১৯), রাইসুল ইসলাম (১৯), সামিন (৪০), হারুন (২৩), লিটন (৩০), মাঈন উদ্দিন (২০), রাধানগর এলাকার মহসিন (২৫), কাজী রিপন (৪০), তাজুল ইসলাম সাকিল (২২), হানিফ (৩৫), আবুল হাসান (৩০), ইমরান (২২), রুবেল (২৮), জাফর ইমাম মজুমদার (৪০), মো. ওবায়দুল হক (৪৪), জামাল উদ্দিন (৪০), আরিফ হোসেন (২৪), করিম (২০), ছাগলনাইয়া এলাকার মটুয়া এলাকার খোরশেদ (৩৮), আজাদ হোসেন (২৫), মাহিম (২৫), হারুন (৩২) ও ইমাম হোসেন (২২)।