নেত্রকোণার পূর্বধলায় সার্ভেয়ারের ওপর হামলা, ৩ জন গ্রেফতার

লেখক:
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০৫

আজকালের কন্ঠ ডেস্ক : নেত্রকোণার পূর্বধলায় খাস জমি মেপে চিহ্নিত করতে গেলে সার্ভেয়ার হাদিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে মামলার তিন আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৬৮), আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের আ. হামিদের ছেলে আবুল হাসিম (৪৫) ও একই গ্রামের নিজাম উদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার বিকেলে নৈগাঁও গ্রামে একটি খাস জমি চিহ্নিত করতে যান সার্ভায়ার হাদিউল ইসলাম। এ সময় গ্রেফতার ব্যক্তিরা তাদের লোকজন নিয়ে বাধা দেয়। তাদের রুদ্ররুপের দৃশ্য মোবাইলে ভিডিও করতে শুরু করেন হাদিউল। তখন তাকে মারধর করে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।
চিকিৎসা শেষে রাতে তিনি হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয় জানতে উপজেলা সার্ভেয়ার হাদিউল ইসলামের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেন নি।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আক্তার জানান, একটি খাস হালটে ঘর উঠানোর অভিযোগে উপজেলা সার্ভেয়ার হাদিউল ইসলামকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মাঠপর্যায়ে গেলে তার ওপর হামলা করে স্হানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে এ ঘটনায় তাকে মামলার নির্দেশ দেওয়া হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনকে আসামী করেছেন। মামলার পরপরই অভিযান শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত তিন আসামীকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।