নেত্রকোণা সদর উপজেলার দুটি ইউপি চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে ১০ জনের মনোনয়ন পত্র দাখিল

লেখক:
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৭

নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

সূত্র জানায়, আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) এ দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করার শেষ দিন।

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা বলেন, বুধবার(১৪ফেব্রুয়ারী)ছিল নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। শেষ দিনে রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন ও সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। রৌহা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর রহমান, ফরিদা ইয়াসমিন ও হাজী মোঃ আব্দুল হাই। সিংহের বাংলা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন, হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আসমা সুলতানা, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম ও মোফাক্কারুল হুসেন মিলন।

তিনি আরো বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ থাকে, ৮ অক্টোবর ২০২৩ তারিখে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন এবং ৯ অক্টোবর ২০২৩ তারিখে রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় এই দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় এ দুটি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।