ট্রেনের ইঞ্জিনের হুকে লাশ আটকে ছুটল ২৫ কিমি

লেখক:
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৪:৪৪

আজকালের কন্ঠ ডেস্ক : নরসিংদীর রায়পুরায় ট্রেনের ইঞ্জিনের হুকে আটকে আবদুল বারিক (৭২) নামে এক ব্যক্তির লাশ প্রায় ২৫ কিলোমিটার দূরের ভৈরব রেলস্টেশন পর্যন্ত টেনে নিয়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন। পরে ট্রেন থামিয়ে লাশ সরিয়ে রাখার পর তা উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন রেললাইন পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

আবদুল বারিক নরসিংদীর রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ এলাকার বাসিন্দা। হাসনাবাদ বাজারে পানের দোকানদার ছিলেন তিনি।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর বিরতিহীন সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ট্রেনটি রায়পুরার আমিরগঞ্জ রেলস্টেশন দ্রুতগতিতে অতিক্রম করছিল। এ সময় আবদুল বারিকও রেললাইন পার হয়ে দোকানে যাচ্ছিলেন। ট্রেনটির ধাক্কায় তার দেহ রেললাইনের ওপর না পড়ে শূন্যে উঠে যায়। এরপর লাশটি ট্রেনের ইঞ্জিনের হুকের সঙ্গে আটকে যায়।

বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ড : নিখোঁজ ২ শিক্ষার্থীর মরদেহ শনাক্ত
বিষয়টি ট্রেনের কর্মীরা তখন বুঝতে পারেননি। বিরতিহীন হওয়ায় ট্রেনটিও কোথাও না থেমে ভৈরব রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে যায়। তখন ইঞ্জিনের হুকে লাশ আটকে থাকার বিষয়টি টের পেয়ে ট্রেন থামান লোকোমাস্টার। ট্রেনটির কর্মীরা দ্রুত লাশটি সরিয়ে রেখে রেলওয়ে পুলিশকে খবর দেন।