এসএসসি পরীক্ষা দেওয়া হলো না ১৪ শিক্ষার্থীর

লেখক:
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ৬:৫১

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে পারেননি মুখী পল্লিসেবক বহুমুখী উচ্চবিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী। এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষায় ওই শিক্ষার্থীরা অংশ নিতে না পারার তথ‍্য নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হান্নান। এর আগে বুধবার পরীক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে জানতে পারে তাদের প্রবেশপত্র আসেনি।

এরপর পরীক্ষার্থী ও অভিবাবকদের চাপে প্রবেশপত্র আসবে বলে বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের আশ্বস্ত করে। তবে শেষ পর্যন্ত বিদ‍্যালয়ের ২২ শিক্ষার্থীর মধ্যে ৮ জন প্রবেশপত্র পেয়ে পরীক্ষা অংশ নেয়। কিন্তু বাকি ১৪ জন পরীক্ষায় অংশ নিতে পারেননি।

এ ঘটনায় ভুক্তভোগী পরীক্ষার্থীরা গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীরা যথাসময়ে তাদের রেজিস্ট্রেশন ফি এবং ফরম পূরণের টাকা পরিশোধ করে। সে সময় বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ফরম ফিলাপ হয়েছে বলে অবগত করে। কিন্তু বুধবার বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে তাদের রেজিস্ট্রেশনই হয়নি। ফলে তাদের প্রবেশপত্র আসেনি।

এ বিষয়ে বিদ্যালয়ের আইসিটি শিক্ষক রেজাউল হক বলেন, ১৪ শিক্ষার্থীয় অংশ না নেয়ার মূল কারণ আমাদের ভুল। আমাদের ভুলের কারণে তারা পরীক্ষায় অংশ নিতে পারেনি। আমরা অভিবাবক ও শিক্ষার্থীর বুঝানোর চেষ্টা করছি। অনেক অভিবাবক আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। যেহেতু ভুল করেছি যে কোনো শাস্তি মেনে নেব।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, প্রথমে ২২ পরীক্ষার্থী প্রবেশপত্র পায়নি বলে জেনেছি। তবে শেষ পযর্ন্ত ১৪ জন প্রবেশপত্র পায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা যায়নি।