তিনতলা ফ্ল্যাটের দরজা ভেঙে দুর্ধর্ষ চুরি

লেখক:
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৩

আজকালের কন্ঠ ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে গজন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান লাকীর তিন তলা ফ্ল্যাট বাসার দরজা ভেঙে স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল ৯টার পর থেকে দুপুর ১২টার মধ্যে গৌরীপুর পৌরসভার বাড়ীওয়ালাপাড়া মহল্লায় এ ঘটনাটি ঘটেছে। দুপুরে গৌরীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গৌরীপুর পৌরসভার বাড়ীওয়লাপাড়া মহল্লার চারতলাবিশিষ্ট ফ্ল্যাট বাসার তিন তলার ফ্ল্যাটে ছেলে ও মেয়েকে নিয়ে ভাড়া থাকেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ইসরাত জাহান লাকী। তার স্বামী তানভীর আল ইসলাম গাজীপুরের টঙ্গী এলাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার সময় কেউ বাসায় ছিলেন না। ঘটনার দিন লাকী সকালে বাসার দরজায় তালা লাগিয়ে বিদ্যালয়ে চলে যান। কিছুক্ষন পর চারতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া নিচে নেমে দেখে তিনতলা ফ্ল্যাটের দরজা খোলা এবং ফ্ল্যাটে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি বিষয়টি মোবাইল ফোনে শিক্ষিকা লাকীকে জানান। ওই শিক্ষিকা দুপুর সাড়ে বারোটার দিকে বাসায় এসে দেখেন ফ্ল্যাটের দরজা ভাঙ্গা ও খোলা, ওয়াল সুকেস, ড্রেসিং টেবিলের ড্রয়ার খোলা, ভিতরের রুমের আলমারী, ওয়াড্রব খোলা এবং জিনিসপত্র, কাপড়-চোপড় পুরো ফ্ল্যাটজুড়ে এলোমেলো অবস্থা পড়ে রয়েছে। চোরে আলমারীর ড্রয়ার থেকে ৩ জোড়া স্বর্ণের কানের ফুল ও ২টি আংটি নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১ লাখ টাক।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।