নড়াইলে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

লেখক:
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ৭:৩১

নড়াইল প্রতিনিধিঃনড়াইল সদর উপজেলায় জুড়ুলিয়া গ্রামে পানিতে ডুবে সুজন বিশ্বাস (১৫) নামে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার জুড়ুলিয়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত সুজন বিশ্বাস উপজেলার জুড়ুলিয়া গ্রামের আফসার বিশ্বাসের ছেলে এবং জুড়লিয়া জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।

নিহতের স্বজনরা জানায়, সুজন প্রতিদিন সকালে বাড়ির পাশের পুকুর পাড়ের আম গাছের ডালে ঝুলে শরীরচর্চা করতো। রবিবার সকালে সুজন বাড়ির সবার অজান্তে ঘুম থেকে উঠে পুকুর পাড়ে যায়। সেখানে আম গাছের ডালে ঝুলতে গিয়ে হাত ফোঁসকে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় সেখান থেকে উঠতে পারে নি। এভাবে বেশ কিছুক্ষণ অতিবাহিত হবার এক পর্যায়ে সুজনের মা ছেলের পানিতে পড়ে যাবার বিষয় জানতে পেরে চিৎকার কান্নাকাটি শুরু করলে তার প্রতিবেশিরা গিয়ে সুজনকে অচেতন অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়।

পরে সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।