আজকালের কন্ঠ ডেস্ক : তিন দিনের ব্যবধানে বমি ও জ্বর হয়ে দুই শিশুর মৃত্যুর কারণ জানতে রাজশাহীতে পৌঁছেছে আইইডিসিআরের বিশেষজ্ঞ দল। রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের রিপোর্ট বলছে তারা নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়নি। ফলে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়েছে কি না, তা যাচাই বাছাই ও নমুনা সংগ্রহের জন্য আইইডিসিআরের একটি দল রাজশাহীতে গেছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম আহমেদ।
রামেক পরিচালক বলেছেন, রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে আইইডিসিআরের একটি বিশেষজ্ঞ দল রাজশাহীতে এসেছে। এরই মধ্যে দলটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা মৃত দুই শিশুর বাবা ও মায়ের সঙ্গে কথা বলেছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) তারা আরও তথ্য সংগ্রহের জন্য চারঘাটে যাবেন। সেগুলো বিশ্লেষণের পর জানা যাবে কীসের কারণে তারা মারা গেছেন।
ওই দুই শিশুর বাবা মঞ্জুর হোসেন রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের শিক্ষক। তারা ক্যাডেট কলেজের কোয়ার্টারেই ছিলেন। ছোট মেয়ের মৃত্যুর পর গ্রামে ফিরে গিয়েছিলেন। তাদের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামে।
