আজকালের কন্ঠ ডেস্ক : মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করতে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ নড়াইল গেছেন।
আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) তিনি নড়াইল গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ মধুমতি আর্মি ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের উদ্দেশে নড়াইল গেছেন। এ সময় তিনি পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের (পিবিআরএলপি) আওতাধীন নড়াইল রেলওয়ে স্টেশনের কাজের অগ্রগতি এবং বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।
একই সঙ্গে সেনাপ্রধান মলিকপুর ইউনিয়ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত অধ্যাপক শেখ মো. রোকন উদ্দিন আহমেদ মাল্টিপারপাস হল উদ্বোধন করেন এবং শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
