আজকালের কন্ঠ ডেস্ক : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে। এগুলো শুধু বন্ধ না, যাতে পরবর্তীতে আর চালু না হতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী সার্কিট হাউসে পরিবেশ ও বন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পরিবেশমন্ত্রী বলেন, আমরা ব্লকের প্যাকেজের দিকে যাচ্ছি। আমরা আশা করব এখানে যারা ভাটার মালিক রয়েছেন, তারা সরকার থেকে প্যাকেজ গ্রহণ করে ব্লকের দিকে যাবেন। কয়টা ইটভাটা আছে। আমরা কয়টা অভিযান পরিচালনা করলাম। এখন আমরা এই আলোচনায় থাকতে চাই না। আমরা চাইব, সবগুলো ভাটা বন্ধ হয়ে যাক। সবাই আধুনিক পদ্ধতিতে ব্লক তৈরি শুরু করুক। ব্লকের দুটা সুবিধা আছে। একটা হচ্ছে এখানে কোনো কৃষি মাটির ব্যবহার হবে না। আরেকটা হচ্ছে ব্লক তৈরিতে কোনো বায়ু দূষণ হয় না।
সভায় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
