ব্রিজ ভেঙে ট্রাক খালে, ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

লেখক:
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ৫:২৮

আজকালের কন্ঠ ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া ও পৌরগোজা গ্রামের মাঝ দিয়ে বড়হরপাড়া খালের ওপর নির্মিত আয়রণ ব্রিজটির (সাধুর ব্রিজ নামে পরিচিতি) সম্পূর্ণ ভেঙে খালের ভেতর পড়ে গেছে।

আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মালবাহী ট্রাক পার হতে গিয়ে ব্রিজটি ভেঙে যায়। ব্রিজটি ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে পর্যটকসহ পাঁচ গ্রামের মানুষ।

কলাপাড়া এলজিইডির উপজেলা প্রকৌশলী সাদিকুর রহমান জানান, ব্রিজটি অপসারণ করে ওই খালের ওপর একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৫ সালে সেতুটি নির্মাণ করা হয়েছে। পুরনো এই ব্রিজ নড়বড়ে হয়ে পড়েছে প্রায় দুই বছর আগে। তবুও সংস্কার করা হয়নি। গত বছর হঠাৎ একদিন ব্রিজটি কিছু অংশ ভেঙে পড়ে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া, নতুন বাজার, বড়হরপাড়া, পৌরঘোজা এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ ৫ থেকে ৭ গ্রামের মানুষ চলাচল করে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সরেজমিন পরিদর্শন করে দ্রুত ব্যবস্হা নেওয়া হবে।