বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব

লেখক:
প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ৯:৪৮

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বকাপের আয়োজক হতে চায় সৌদি আরব। ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে আগ্রহী মুসলিম দেশটি।

সৌদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি ইয়াসির আল মিসেহাল বলেছেন, ‘এক্ষেত্রে আমাদের ফুটবল গল্প বিশ্বের কাছে তুলে ধরা খুবই গুরুত্বপূর্ণ। পুরুষ ও নারী ফুটবলে আমরা অভূতপূর্ব উন্নতি করেছি। পুরো বিশ্বকে আমাদের এ চমৎকার যাত্রার সাথে যোগ করতে বিডে উন্মুক্ত আমন্ত্রণ থাকবে।’

ফিফার আইনানুযায়ী টুর্নামেন্ট আয়োজন করতে হলে সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে বিডে অংশ নিতে হবে। সৌদি আরবের বিডের মূল স্লোগান হলো- ‘ক্রমবর্ধমান, একসাথে।’

২০২১ সালের পর থেকে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য সৌদি আরব প্রায় ৫ বিলিয়ন পাউন্ড ব্যয় করেছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য দেশটির যুবরাজ ক্রীড়াঙ্গনকে মূলমন্ত্র হিসেবে বিবেচনা করেছেন। তাতে সৌদি আরব ইতোমধ্যে লাভবানও হয়েছে।

ধারণা করা হচ্ছে ২০২২ কাতার বিশ্বকাপের মতোই জুন-জুলাইয়ে প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে ২০৩৪ বিশ্বকাপও নভেম্বর-ডিসেম্বরে আয়োজিত হবে।

মরক্কো, পর্তুগাল ও স্পেনে ২০৩০ বিশ্বকাপ আয়োজিত হতে যাচ্ছে। ২০২৬ সালে প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে আয়োজিত বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে।