ফিরছে ‘কুংফু পান্ডা, দেখা যাবে দেশের প্রেক্ষাগৃহেও

লেখক:
প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ১১:০৮

বিনোদন ডেস্ক : হলিউডের জনপ্রিয় অ্যানিমেশন সিনেমা ‘কুংফু পান্ডা’ সিরিজ। বড়সড় নাদুসনুদুস পান্ডা পো। যার হাঁটাচলা, কথাবার্তায় কৌতূকমেশানো হলেও মোটেও অকাজের নয় সে। বুদ্ধি ভালোই আছে তার। যুদ্ধবিদ্যা শিখে যে কোনো লড়াইয়ে নেতৃত্ব দিয়ে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দেয় পো। দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে ‘কুংফু পান্ডা’ ফ্র্যাঞ্চাইজির আগের তিনটি সিনেমা। প্রায় আট বছর পর ফের পর্দায় ফিরছে এই সিরিজের চতুর্থ কিস্তি।

শুক্রবার (৮ মার্চ) আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ‘কুংফু পান্ডা ৪’। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। এখন পর্যন্ত ‘কুংফু পান্ডা’ সিরিজের প্রত্যেকটি সিনেমাই বড় সাফল্যের মধ্য দিয়ে সব বয়সী মানুষের কাছে জনপ্রিয় হয়েছে অ্যানিমেশন চরিত্রটি।

সর্বশেষ ২০১৬ সালে মুক্তি পেয়েছিল ‘কুংফু পান্ডা ৩’। এরপর লম্বা একটা বিরতির পর পর্দায় আসছে সিনেমাটির নতুন কিস্তি। বলা যায়, পান্ডার লড়াই দেখতে উন্মুখ হয়ে আছেন সারা বিশ্বের সব বয়সী সিনেমাপ্রেমীরা। ‘কুংফু পান্ডা ৪’ নিয়ে ভক্ত-দর্শকদের প্রত্যাশা আগের চেয়ে অনেক বেশি।

আগের সিনেমায় পোকে দেখা যায় এমন এক যোদ্ধার ভূমিকায়, যে সব সময়ই নিজেকে আগের চেয়ে আরও উন্নত করার চেষ্টায় ব্যস্ত। এবারের গল্পে আত্মিক শান্তির খোঁজে নতুন অভিযানে বেরিয়ে পড়তে দেখা যাবে পোকে। আর তাকে সঙ্গ দেবে অকোয়াফিনা নামের নতুন একটি চরিত্র। তারা একসঙ্গে মোকাবিলা করবে নতুন শত্রু দ্য ক্যামেলিয়নের।

প্রসঙ্গত, ‘কুংফু পান্ডা ৪’ সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার। ‘কুংফু পান্ডা’ সিরিজের প্রথম ছবিটি মুক্তি পায় ২০০৮ সালে, দ্বিতীয়টি ২০১১ সালে আর তৃতীয়টি ২০১৬ সালে। সবগুলো সিনেমাই দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। দীর্ঘ অপেক্ষার পর আসছে সিরিজটির চতুর্থ সিনেমা।
কুংফু পান্ডাপান্ডা পোআন্তর্জাতিক