বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজীব মণি দাস

লেখক:
প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১০:৪৭

বিনোদন ডেস্ক : বায়োস্কোপ স্টার অ্যাওয়ার্ডে-২০২৪ এ শ্রেষ্ঠ নাট্যকারে ভূষিত হয়েছেন রাজীব মণি দাস। সম্প্রতি বায়োস্কোপ সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে হোটেল অরনেট, বিজয়নগর এর মিলনায়তনে জমকালো আয়োজনে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে তাকে পুরস্কার দেয়া হয়।

এ সময় রাজীব মণি দাসের হাতে শ্রেষ্ট নাট্যকারের পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.খ.ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন কণ্ঠশিল্পী আলম আরা মিনু।

রাজীব মণি দাস এ পর্যন্ত প্রায় একশত পঞ্চাশটি একক নাটকের পাশাপাশি ১৩টি ধারাবাহিক নাটক লিখেছেন। তার লেখা গানের সংখ্যা প্রায় ৩০টি। এ পর্যন্ত উপন্যাস লিখেছেন ৪টি । এছাড়া ২৫টির অধিক বিজ্ঞাপনের কনসেপ্ট তৈরি ও নির্মাণ করেছেন তিনি।

সম্মাননা প্রসঙ্গে রাজীব মণি দাস বলেন, সংস্কৃতি একটি দেশের মৌল ভিত্তি পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সেক্ষেত্রে নাট্যকার হিসেবে আমার প্রয়াস থাকে সমাজ বদলে মানুষের মননশীলতার পরিবর্তনে নাটকের মাধ্যমে আনন্দের সাথে কিছু ম্যাসেজও দেয়া। এতে করে যদি ক্ষুদ্র পরিবর্তনও হয়, সেটাই আমার পরম পাওয়া।

তিনি আরও বলেন, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় চাইলে নাটক, উপন্যাস, মঞ্চায়ন ইত্যাদি সাংস্কৃতিক মাধ্যমগুলোর দ্বারা অপসংস্কৃতি রোধে অবদান রাখতে পারি। কিশোর ও যুব সমাজকে একটি সঠিক আনন্দদায়ক অঙ্গন উপহার দিতে পারি।