মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলায় স্কুলব্যাগে ৫টি হাতবোমা (ককটেল) সহ এক জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। হাতবোমাগুলোকে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট।
গতকাল বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশ কালকিনি উপজেলার ফাঁসিয়াতলা বাজারে নাসির কাজি নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫টি হাতবোমা (ককটেল) বোঝাইসহ একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।
আটক নাসির দীর্ঘদিন যাবত মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে ককটেল হাত বোমাসহ দেশী অসসস্ত্র বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। আটক নাসির কাজী কুমিল্লা জেলার বাচ্চু কাজির ছেলে। পুলিশ বোমাগুলোকে উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে ঢাকায় বোমা ডিসপোজাল ইউনিটেকে খবর দেয়। পরে রাত ৮টার দিকে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছায়। বোমা ডিসপোজাল ইউনিট এক ঘন্টা চেষ্টায় রাত ৯টার সময় ফাঁসিয়াতলা এলাকার নির্জন স্থানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে বোমা ডিসপোজাল ইউনিট ও থানা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, একটা হত্যা মামলার তদন্ত করতে গিয়ে নাসির কাজীকে গ্রেফতার করি আমরা । এবং তার কাছে থাকা একটি স্কুল ব্যাগ থেকে ৫টি হাত বোমা উদ্ধার করি । পরে ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে বোমাগুলো নিষ্ক্রিয় করে। আমরা আলামত সংগ্রহ করেছি। এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এ ঘটনায় নিয়মিত মামলা হবে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
