অটিজম ব্যক্তিদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করছে : দীপু মনি

লেখক:
প্রকাশ: ২ এপ্রিল ২০২৪, ৭:০৩

আজকালের কন্ঠ ডেস্ক : সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি লেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করছে।

মন্ত্রী মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৭তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক এমপি।

মন্ত্রী বলেন, অটিজম বিষয়ক সচেতনতা সমাজের প্রতিটি ব্যক্তির মাঝে ছড়িয়ে দিতে হবে। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরাও যে দেশের অন্যান্য নাগরিকে মতো সমান অধিকার ও সম্মান পায় সে দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। তাদের যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ দিয়ে কর্মের ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে সমাজে টিকে থাকার মতো সক্ষম করতে হবে।

মন্ত্রী অটিজম বিষয়ে সচেতনতা তৈরি ও প্রাথমিক জ্ঞাণ বিষয়ে তথ্য-প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে বলেন, আমরা তথ্যের অবাধ প্রবাহের যুগে বাস করছি। দেশ এখন শতভাগ ডিজিটাল। প্রচলিত গণমাধ্যমের বাইরেও সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা তৎক্ষণাৎ দেশ-বিদেশের খবরাখবরসহ অনেক কিছু সম্পর্কে জানতে পারি। ইন্টারনেটের ওপেন সোর্সের মাধ্যমে আমরা অটিজমসহ স্নায়ুবিক অন্যান্য ডিজঅর্ডার সম্পর্কে জেনে সচেতন হতে পারি। সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, অটিজম বিষয়ক গবেষক, চিকিৎসকের বাইরেও ব্যক্তিগত বা সামাজিক উদ্যোগের মাধ্যমে আমরা এ বিষয়ে সচেতনতা তৈরি করতে পারি।

মন্ত্রী এনডিডি ও অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে আলোকপাত করতে গিয়ে বলেন, তাদের চিকিৎসায় এনডিডি ট্রাস্ট থেকে বিশেষ অনুদান প্রদান করা হচ্ছে, এনডিডি শিশু ও ব্যক্তির মা-বাবা ও কেয়ারগিভারদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, অটিজম সনাক্তকরণ ও মাত্রা নিরূপণের জন্য ‘স্মার্ট অটিজম বার্তা’ ও ‘বলতে চাই’ নামক অ্যাপস তৈরি করা হয়েছে।