আজকালের কন্ঠ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জে বাড়ির পাশে একটি খাদে পড়ে ২ বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম ইব্রাহিম আলী।
গতকাল বৃহস্পতিবার (৪ এপ্রিল) কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর ইউনিয়নের পূর্বপাড়া কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কাজল সিংহ বলেন, ইব্রাহিমের মা ঘরের কাজে ব্যস্ত থাকার সময় সে বাইরে খেলতে গিয়ে খাদে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের খাদে ইব্রাহিমকে ভাসতে দেখেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
তিনি জানান, বাড়ির পাশের একটি খাদে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
