নড়াইল প্রতিনিধি : নড়াইলে সুলতান মেলার নবম দিনে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ এপ্রিল) শহরের কুড়িরডোব মাঠে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ ষাঁড়ের লড়াই।
চিত্রাপাড়ের বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত সুলতান মেলায় কিউট গ্রামীণ ক্রীড়া উৎসবের অংশ হিসেবে ঐতিহ্যবাহী এ ষাঁড়ের লড়াই অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও এস.এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এ লড়াই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৬টি ষাঁড় অংশ নেয়। লড়াইয়ে অংশ নেওয়া প্রতিটি ষাঁড়ই ছিল সুঠাম দেহের ও বাহারি রঙের। লড়াই দেখতে আসা জেলার বিভিন্ন প্রান্তসহ দূর দূরান্ত থেকে নানা বয়সী হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে কুড়িরডোব মাঠ।
ষাঁড়ের লড়াইয়ে যশোরের অভয়নগর উপজেলার ভরতপুর গ্রামের মিলন মিয়ার ষাঁড় প্রথম এবং একই উপজেলার শংকরপাশা গ্রামের রানা মিয়ার ষাঁড় দ্বিতীয় স্থান অধিকার করে।
লড়াই শেষে বিজয়ী ষাঁড়ের মালিকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এসময় পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান, এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ আশিকুর রহমান মিকুসহ জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
