সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত স্পীকারের

লেখক:
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১০:৪১

সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদ বিরোধী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দৃঢ় প্রতিজ্ঞ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। বুধবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্পীকার বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে যারা শহিদ ও যুদ্ধাহত হয়েছেন, বর্ষা বিপ্লবে তাদের তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলাম এবং সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

চীফ হুইপ নূরুল ইসলাম বলেন, বিজয় বিপ্লবের লক্ষ্য থেকে বিচ্যুত হতে চান না তারা এবং তরুণদের স্বপ্ন যেন আর পদদলিত না হয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বর্ষা বিপ্লবকে হৃদয়ে ধারণ করার কথা বলেন।

হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেন, জাতীয় যেকোনো সংকটে সবাইকে একতাবদ্ধ হয়ে লড়তে হবে এবং ভবিষ্যতে যাতে কেউ আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকার তাগিদ দেন তিনি।

বিরোধী দলের চীফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে লড়তে হবে। এ সময় তিনি জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠানে এনসিপির শীর্ষস্থানীয় নেতৃত্ব, আহ্বায়ক ও সংসদ-সদস্য হাসনাত আব্দুল্লাহসহ অন্যান্য বক্তারা সকল মতপার্থক্য নির্বিশেষে পরিবর্তিত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

জুলাই গণঅভ্যুত্থানের ২ বছর