রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে সরকার।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে সম্প্রতি জারি করা এক নীতিমালায় এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংক খাতে শীর্ষ পদে স্বচ্ছতা আনা, পেশাদারত্ব বৃদ্ধি এবং প্রশাসনিক গতিশীলতা ফেরাতেই এই উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন নীতিমালা অনুযায়ী- এখন থেকে রাষ্ট্রীয় মালিকানাধীন ছয়টি বাণিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসির এমডি বা সিইও পদে সরকার আর সরাসরি নিয়োগ দেবে না; কেবল প্রার্থী ‘মনোনয়ন’ দেবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি নিয়ে চূড়ান্ত নিয়োগপত্র ইস্যু করবে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ।
