শেখ হাসিনাকে পাকিস্তানের অভিনন্দন

লেখক:
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৪, ৬:৪২

আজকালের কন্ঠ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ।

সোমবার (৮ জানুয়ারি) সকালে গণভবনে প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা এবং শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল উপস্থিত ছিলেন।

এদিন একইসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানান ভারত, চীন, রাশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। এসময় রাষ্ট্রদূতরা তাদের নিজ নিজ দেশের পক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে, রোববার (৭ জানুয়ারি) সারাদেশের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থীরা ২২৫টিতে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।