আজকালের কন্ঠ ডেস্ক : কুমিল্লায় ডিবি পুলিশের উদ্ধার করা মোবাইল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন গ্রাহকরা।স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জেলার বিভিন্ন স্থান থেকে নানান সময়ে চুরি অথবা হারিয়ে যাওয়া ২৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৫ জানুয়ারি) এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের কনফারেন্স হলে ২৬টি মোবাইল ফোনের মালিকরা এসে তাদের হারানো মোবাইল ফেরত নিয়ে যান। ওই সময় চুরি হওয়া এসব দামী মোবাইল সেট ফেরত পেয়ে আনন্দ প্রকাশ করেন গ্রাহকরা।
প্রকৃত মালিকের হাতে মোবাইল ফোন তুলে দেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাজমুল হাসান ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।
এ বিষয়ে ওসি রাজেশ বড়ুয়া বলেন, কুমিল্লার বিভিন্ন স্থান থেকে মোবাইল ফোন হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়ার বিষয়ে বেশ কিছু জিডি (সাধারণ ডায়েরি) আমাদের কাছে জমা হয়। পরে জেলা পুলিশ সুপার আবদুল মান্নানের নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় এসব মোবাইল ফোন উদ্ধারে আমাদের বিশেষ টিম কাজ করতে থাকে। অভিযান চালিয়ে ২৬টি দামী এনড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় জেলা ডিবি পুলিশ। এগুলো তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।
