আজকালের কন্ঠ ডেস্ক : দিনব্যাপী বনার্ঢ্য আয়োজনে পটুয়াখালী মেডিকেল কলেজের দশ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান চলছে। এদিকে দশম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুখবর পেয়েছে কলেজটিসহ পটুয়াখালীবাসী।
প্রতিষ্ঠালগ্ন থেকে ৫২টি আসনে শিক্ষার্থী ভর্তি নিয়ে নয়টি ব্যাচের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চিকিৎসা বিজ্ঞানের এই প্রতিষ্ঠানটি। এবার থেকে ৪৪ শতাংশ আসন বৃদ্ধি করেছে সরকার, এতে ৭৫টি আসনে উন্নিত হয়ে এবারই শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান শাহীন।
বুধবার (১৭ জানুয়ারি) সকালে কলেজের নিজস্ব পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন, মুক্তাকাশে পায়রা অবমুক্ত এবং বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় শিক্ষার্থীরা নেচে গেয়ে দশ বছর পূর্তির আনন্দ উদযাপন করে।
পরবর্তীতে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেডিকেল কলেজে এসে শেষ হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্য রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্রসহ অন্যান্য আয়োজন।
পরে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ মনিরুজ্জামান শাহীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এ্যসোসিয়েশন (বিএমএ) এর সভাপতি ডাক্তার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র ডাঃ শফিকুল ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচন ও শৈতপ্রবাহের জন্য কয়েকদিন পিছিয়ে আজ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
