আজকালের কন্ঠ ডেস্ক : ৬০ ভাগ স্টল ও প্যাভিলিয়ন নিয়েই শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৮তম আসর। গত সোমবার মেলার দ্বিতীয় দিন দর্শনার্থীদের অনেকেই হতাশা প্রকাশ করলেও সরকারি ছুটির দিন আর মেলার শেষভাগের বিক্রি বাড়ার আশায় রয়েছেন ব্যবসায়ীরা। তবে বঙ্গবন্ধু প্যাভিলিয়নে ধানমণ্ডির ৩২ নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির আদলে করা জাদুঘর ঘুরে স্বস্তি প্রকাশ করেছেন অনেকে।
গত ২১ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেছেন পূর্বাচলের স্থায়ী ভেনুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তবে এখনো স্টল ও প্যাভিলিয়ন প্রস্তুত না হওয়ায় দর্শনার্থীদের অনেকেই হতাশা প্রকাশ করেন।
দর্শনার্থী মাহমুদুল হাসান নয়ন বলেন, মেলায় এবার যাত্রাপথ সুন্দর তবে এখনো স্টল প্রস্তুত না হওয়ায় পুরোপুরি হতাশ হয়েছি।
মেলার জয়ীতা স্টলের ব্যবসায়ী নারী উদ্যোক্তা সজন মহিলা সংস্থার সভানেত্রী নাছিমা আক্তার বলেন, গতবারের মতো এবারও রাজশাহী থেকে আমরা পণ্য নিয়ে আসছি। এবার মেলা থেকে মানুষজন ঈদের কেনাকাটা করবেন, সেদিকটা নজর রেখে প্রয়োজনীয় পোশাক সংগৃহে রেখেছি। মেলা জমলে এবারও সফল হব।
