আজকালের কন্ঠ ডেস্ক : চাঁদপুরে মেঘনা নদীতে বাদশা ও শাহআলম নামে দুই জেলের পৃথক জালে ছোটবড় ২১টি আইড় মাছ ধরা পড়েছে।
পরে চাঁদপুর বড়স্টেশন সিরাজ ও রব চোকদার আড়তে মাছগুলো নিলামের মাধ্যমে ৫২ থেকে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করেছেন ওই জেলেরা।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার রাজরাজেশ্বর ও সফরমালি এলাকার পদ্মা এবং মেঘনা নদীতে সাদা সুতার তৈরি লালা জালে বড় বড় এসব আইড় মাছ ধরা পড়ে।
মাছ ঘাটের আড়তদার ওমর ফারুক চোকদার জানান, সকালে চাঁদপুর লঞ্চঘাট এলাকার শাহআলম ও বাদশা দেওয়ানের নৌকার জেলেরাসহ অন্য জেলেরা বড়স্টেশনসহ আশপাশে মেঘনা এবং মাওয়ার দিকের পদ্মা নদীতে লালা জাল ফেলে আইড় মাছ শিকারে যান।
তাদের জালে ৫ থেকে ৭ কেজি ৭০ গ্রাম ওজনের একাধিক আইড় মাছ ধরা পড়ে। পরে নিলামে মাছগুলো ১২ থেকে ১৪শ’ টাকা কেজি দরে কেনেন ঘাটেরই কবির লস্কর, আবু ছাইদ ও শাকিল নামের ৩ মাছ ব্যবসায়ী।
তারা আবার এসব মাছ রাজধানী ঢাকায় পাঠিয়ে দেন।
শাহআলমের নৌকার জেলে করিম জানান, গত ১৫ দিন ধরে নদীতে আইড় মাছের তেমন একটা দেখা পাইনি।
শনিবার ফজর নামাজের পর আমাদের জালে ৫টি বড় বড় আইড় মাছ ওঠে। যার পরিমাণ সাড়ে ৩৩ কেজি। সিরাজ চোকদারের আড়তে ৫৫ হাজার টাকা মণ দরে বিক্রি করা হয়েছে এসব মাছ।
