এমপি হয়ে প্রথমবার মাগুরায় সাকিব

লেখক:
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৪, ৮:০০

আজকালের কন্ঠ ডেস্ক : মাগুরা-১ (শ্রীপুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ক্রিকেটার সাকিব আল হাসান নিজ নির্বাচনী এলাকায় বুধবার দুপুরে তার বাড়িতে প্রথমবারের মতো আসেন। আজ এক মতবিনিময় সভায় যোগ দিয়ে চাইলেন সবার সহযোগিতা।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুর সভাপতিত্বে মাগুরা উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সদর থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলসহ সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

মতবিনিময় সভায় উপস্থিত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা এমপি সাকিব আল হাসানের সঙ্গে পরিচিত হন এবং নিজ নিজ দপ্তরের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষ থেকে সাকিব আল হাসানকে শুভেচ্ছা স্মারক উপহার দেওয়া হয়।