নড়াইলের উন্নয়নে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুইপ মাশরাফি

লেখক:
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫৬

নড়াইল প্রতিনিধিঃএমপি বারবার না হয়ে একবার হয়ে বীরের মত কাজ করে নড়াইলের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি ও চ্যালেঞ্জ ছুড়ে দিলেন হুইপ মাশরাফি।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারী) টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত শেষে রাত ৯ টায় লোহাগড়া পৌরসভাধীন জয়পুরস্থ দলীয় কার্যালয়ে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন নড়াইল – ২ আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ মাশরাফি বিন মর্তুজা।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি ছিল ৭ তারিখ পর্যন্ত আপনারা আমার দায়িত্ব নিবেন ৮ তারিখ থেকে আমি আপনাদের দায়িত্ব নিবো। জনগণ আমার কথা রেখেছেন, সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর বিশ্বাস রেখে আমাকে সংসদের হুইপ মনোনীত করেছেন। এজন্য এবারে আমার চ্যালেঞ্জ হলো এলাকার উন্নয়নে সর্বোচ্চ টুকুন দিয়ে কাজ করা ও জনগণের পাশে থাকা। তিনি মনে করেন লোহাগড়া পৌরসভায় যথেষ্ট উন্নয়নের প্রয়োজন। তিনি আরও বলেন, লোহাগড়া পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা খুবই প্রয়োজন, বজ্র নিষ্কাশনের জন্য স্থায়ী ব্যবস্থা গ্রহণ এবং শহরের রাস্তাঘাট, হাট-বাজার, নাগরিক সেবা নিশ্চিত করা জরুরী। সকল কাজ একসঙ্গে করা সম্ভব নয়, এজন্য ধাপেধাপে উল্লেক্ষিত কাজগুলো সফলভাবে ব্যাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেন এবং এসব উন্নয়ন মূলক কাজের সহযোগিতা করার আশ্বাস দেন।

মতবিনিময় শেষে ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, রাজনীতির পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনা শেষে নিজেকে কর্মসংস্থানের জন্য প্রস্তুত করতে হবে। এ সময় তিনি আরও বলেন, আমি যখন এলাকার সাধারণ জনগণের সাথে কথা বলবো তখন নেতা-কর্মীরা পাশে না থেকে যেন তারা জনগণের সাথে কথা বলার জন্য সহযোগিতা করেন। তিনি দলীয় নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে সাথে নিয়ে তার নির্বাচনী এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করার অঙ্গিকার করেন।

এছাড়া শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮ টায় যুবলীগ নেতা আবুল বাশার ও বাবুল মুন্সির জন্মদিনে কেক কেটে নেতা-কর্মীদের আনন্দে ভাসলেন মাশরাফি।হুইপ মাশরাফি বিন মূর্তজা শুক্রবার রাতে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করতে আসেন। এমন মুহুর্তে ওই দুই যুবলীগ দুই নেতার জন্মদিনে কেক কেটে নিজেও আনন্দ করেন এবং উপস্থিত সকল নেতা-কর্মীদের আনন্দে ভাসান। হুইপ মাশরাফি বিন মর্তুজা ওই দুই যুবলীগ নেতার মুখে কেক মাখিয়ে আনন্দ করেন।