সীমান্তে গোলাগুলির কারণে ৫ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

লেখক:
প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ৩:১৭

আজকালের কন্ঠ ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তাজনিত কারণে জেলার পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ ফেব্রুয়ারি) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল থেকে মিয়ানমারের সীমান্ত এলাকার অভ্যন্তরে গোলাগুলি বৃদ্ধি পাওয়ায় সীমান্ত এলাকার বাইশ ফাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর আগে সকালে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন এক বাংলাদেশি। এতে সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে। ফলে আতঙ্কে তুমব্রু সীমান্তের কাছে দুই গ্রামের প্রায় ৩ হাজার বাংলাদেশি অন্যত্র আশ্রয় নিয়েছেন।